রাজশাহী নগরীর নতুন বুধপাড়া এলাকায় এক মা তার সাত বছরের ছেলে শিশুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। শিশুটির নাম শাহরিয়ার আলম কাব্য।
শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আহত মা তসলিমা খাতুনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তসলিমা মানসিক ভারসাম্যহীন ছিল বলে দাবি করেছেন তার পরিবার।
নিহত কাব্য রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শেখ রাসেল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবা রফিকুল ইসলাম নগরীর মেহেরচন্ডি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাশাপাশি এলাকায় একটি ওষুধের দোকানও দিয়েছেন।
শনিবার রাত ১০ টার দিকে রফিকুল ইসলাম ওষুধের দোকান থেকে বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখেন। তিনি স্ত্রী ও সন্তানকে অনেক বার ডেকেও সাড়া না পেয়ে প্রতিবেশিদের সহায়তায় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ঘরের এক কোণে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। তার পাশে আহত অবস্থায় পড়েছিলেন মা তসলিমা।
রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার আমির জাফর জানান, ছেলেকে হত্যার পরেই মা আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।







