লকডাউনের মধ্যেও হঠাৎ করে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে যানবাহন ও যাত্রীর সংখ্যা বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকলেও ছোট ছোট যানে চড়ে বা পায়ে হেঁটে যাত্রীরা ঘাটে পৌঁছে যাচ্ছে পদ্মা পাড়ি দিয়ে দক্ষিণবঙ্গের উদ্দেশে।
শুক্রবার সকালে আইনশৃংখলা বাহিনীর চেকপোস্ট পেরিয়ে শতশত প্রাইভেট কার, মাইক্রোবাস, মটরসাইকেলকে ঘাটে আসতে দেখা গেছে। আর পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও পিকআপের সংখ্যাও বেড়েছে।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের কয়েকজন কর্মকর্তা এসব তথ্য দিয়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) সাফায়েত আহম্মেদ জানান, নৌরুটে সকাল থেকে ১০ টি ফেরি চলছে। তবে, ঘাটে নদী পারাপারের অপেক্ষায় ছোট বড় মিলিয়ে সাড়ে ৩ শতাধিক যানবাহন রয়েছে। পায়ে হাঁটা যাত্রীরও ভিড় করতে দেখা গেছে।
মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, ঢাকা ও আশেপাশের জেলা থেকে দীর্ঘ মহাসড়ক পেরিয়ে যখন প্রাইভেট কারসহ অন্যান্য ছোট গাড়ি ঘাটে চলে আসে তখন সেগুলো ফেরিতে পার না করে পারা যায় না।








