টাকার অংকে এবার শিক্ষায় বাজেটে বরাদ্দ বেড়েছে, তবে বরাদ্দের শতাংশ হিসেবে গতবারের চেয়ে তা সামান্য কম। উচ্চশিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ এবং কারিগরি ও অবকাঠামো খাতে বেশি বরাদ্দ দেয়া হয়েছে। একে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা।
২০১৭-১৮ অর্থ বছরের জন্য প্রাথমিক ও গণশিক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ খাতে মোট বাজেটের ১১ দশমিক দুই আট শতাংশ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য প্রস্তাব করা হয়েছে ২২ হাজার ২২ কোটি টাকা এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ২৩ হাজার ১শ’ ৪১ কোটি।
দুই মন্ত্রণালয়েই বরাদ্দ গত অর্থ বছরের চেয়ে টাকার অংকে বাড়লেও মোট বাজেট বরাদ্দে শতাংশের পরিমাণে কিছুটা কমেছে। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, শিক্ষা নিয়ে যুগান্তকারী কাজ করে যাচ্ছে সরকার।
শিক্ষা নিয়ে যারা কাজ করেন তারা প্রস্তাবিত বাজেটে শিক্ষায় বরাদ্দকে ইতিবাচক হিসেবেই দেখছেন। আগামী অর্থ বছরেও বিনামূল্যে বই বিতরণ, উপবৃত্তি, সৃজনশীল মেধা অন্বেষণসহ নানা কার্যক্রম অব্যাহত থাকবে।







