কর্মবিরতির বদলে সরকারের সঙ্গে আলোচনা করে বেতন সমস্যার সমাধান করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছে ১৪ দল।
দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, শিক্ষকদের প্রতি আমাদের সহানুভূতি আছে। তারা সম্মানীয় এবং শ্রদ্ধেয়। আমরা তাদের আহবান জানাবো তারা যেনো কর্মবিরতি করে শিক্ষাকার্যক্রমকে ব্যাহত না করে সরকারের সঙ্গে আলোচনায় বসে সমস্যার সমাধান করেন।
একইসঙ্গে শিক্ষকদের দাবির বিষয়টি সরকারকে বিবেচনার আহ্বানও জানিয়েছে তারা।
বন্যার্তদের পাশে দাঁড়াতে ১৪ দলের পক্ষ থেকে দুটি টিম করা হয়েছে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, সরকার এবং ত্রাণ মন্ত্রণালয়কে আমরা আরো বেশি বন্যা কবলিত দুর্গত মানুষদের পাশে সাহায্য নিয়ে দাঁড়াতে এবং তাদের পুনর্বাসনের জন্য আহ্বান জানিয়েছি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিম বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে। অপর এক প্রশ্নের জবাবে ১৪ দলের মুখপাত্র বলেন, জাসদের সঙ্গে আওয়ামী লীগের কোনো বিরোধ নেই।






