বামন হচ্ছেন শাহরুখ খান। তবে বাস্তব জীবনে নয়, পর্দায়। ৫ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই নায়ক পরিচালক আনন্দ এল রায়ের ছবিতে বামনের ভূমিকায় অভিনয় করবেন। ছবিটির নাম এখনও প্রকাশ করেননি পরিচালক।
এর আগে ‘ফ্যান’ এবং ‘রইস’ ছবিতে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন শাহরুখ। তবে এবারের চরিত্রটি একেবারেই আলাদা। বামনের চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। বলা হচ্ছে, এখন পর্যন্ত এটাই শাহরুখের জন্য সবচাইতে কঠিন চরিত্র, কারণ এতে তার নিজের উচ্চতার চেয়ে কম উচ্চতার চরিত্রে অভিনয় করতে হবে।
পরিচালক আনন্দ এল রায় বলেন, অভিনেতা কমল হাসান যখন ‘আপ্পু রাজা’ ছবিতে বামনের চরিত্রে অভিনয় করেছিলেন, তখন শুধুমাত্র অভিনয় দিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে হয়েছিল। কিন্তু বর্তমানে অনেক কারিগরি সুবিধা আছে। চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য দেশের বাইরের স্পেশাল ইফেক্ট বিশেষজ্ঞরা কাজ করবেন।

আনন্দ এল. রায় নিশ্চিত করেছেন, শাহরুখের অভিনীত এই চরিত্রটি একেবারেই আলাদা। কমল হাসানের ‘আপ্পু রাজা’ ছবির সাথে এই চরিত্রের কোনো মিল নেই। এখন পর্যন্ত ছবির নাম কিংবা অন্য শিল্পীদের ব্যাপারে কোনো তথ্য ফাঁস করেননি এই পরিচালক। সেসব তথ্য জানতে শাহরুখ ভক্তদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বলিউড হাঙ্গামা।










