শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির জন্য বিশ্ববাসীকে নিয়মিত ইয়োগা করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার আন্তর্জাতিক ইয়োগা দিবস ২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে এমন আহ্বান জানান তিনি।
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে ৫ম বারের মতো ইয়োগা ২০১৯ দিবস পালন করেছে ভারত সরকার। ভোরে অনুষ্ঠানটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উদ্বোধনী বক্তব্যে আন্তর্জাতিক ইয়োগা দিবসে বিশ্ববাসিকে শুভেচ্ছা জানিয়ে মোদি বলেন, ইয়োগাকে আপনাদের জীবনের অবিচ্ছদ্য অংশে পরিণত করুন। নিয়মিত ইয়োগা থেকে শক্তি মিলে। মানুষকে সবল-সতেজ রাখে। জাতি, শ্রেণি, সম্প্রদায়, আমির, গরীব সবাই একই কাতারে এসে ইয়োগা করতে পারেন। ইয়োগা সবার জন্য এবং ইয়োগার জন্য সবাই।

পৃথিবীতে শান্তি-সম্প্রীতি ও সমৃদ্ধিতে ইয়োগা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন মোদি। সবাইকে সারাজীবন ইয়োগা করে যাওয়ার আহ্বান জানান তিনি।
২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২১ জুন তারিখকে আন্তর্জাতিক ইয়োগা দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সেই থেকে ২১ জুন তারিখটি আন্তর্জাতিক ইয়োগা বা যোগ দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
যোগ হল প্রাচীন ভারতের এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। মূলত ইয়োগা বা যোগ ব্যায়াম সুস্থ-সবল দেহ ও মানসিকতার জন্য গুরুত্বপূর্ণ পদ্ধতি।
বিশেষজ্ঞদের মতে, যোগ পদ্ধতির মাধ্যমে মানব শরীরকে নীরোগ ও সুন্দর করে গড়ে তোলা যায়।বিশেষজ্ঞরা যোগ ব্যায়ামে বহুবিধ উপযোগিতার কথা বলেছেন যেমন -নিয়মিত ইয়োগা বা যোগ ব্যায়াম করলে মেরুদণ্ড সুরক্ষিত হয়, ব্যথা উপশম হয়, হার্ট সুস্থ রাখা যায়, নানাবিধ রোগ প্রতিরোধ করে, হজমের শক্তি বাড়ায়, ওজন কমায়, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, হাড় মজবুত করে, কর্ম দক্ষতা বৃদ্ধি করে, রক্তক্তচাপ হ্রাসসহ মানসিকতা সতেজ রাখতে ভূমিকা রাখে ইয়োগা।









