শহীদজায়া বরেণ্য সাহিত্যিক, মুক্তিযোদ্ধা, নারীনেত্রী মুশতারী শফী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। দীর্ঘ দিন থেকে তিনি কিডনি-রক্তে সংক্রমণসহ নানা জটিলতায় ভুগছিলেন।
সোমবার বিকালে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মুশতারী শফীর লাইফ সাপোর্ট খুলে নিয়ে কর্তব্যররত ডাক্তাররা মৃত ঘোষণা করেন। মুশতারী শফীর মেয়ে রুমানা শফী চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, “আজ বিকেল সোয়া চারটা থেকেই আম্মার অবস্থা খারাপ হতে থাকে। ৫টা ১০ মিনিটে চিকিৎসকরা আম্মাকে মৃত ঘোষণা করেন।”
তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে সাহিত্য-সংস্কৃতি অঙ্গণে।
পরবর্তী প্রক্রিয়া নিয়ে মেয়ে রুমানা শফী জানান, “আমরা রাতের মধ্যে জানতে পারবো ঢাকায় আম্মাকে সম্মাননা জানানোর উদ্যোগ নেয়া হবে কিনা। যদি না হয় তাহলে ঢাকার আত্মীয় স্বজনদের শেষবার দেখার সুযোগ দিতে মঙ্গলবার ভোর পর্যন্ত বারিধারার বাসায় রাখবো। এরপর সকালেই চট্টগ্রামের উদ্দেশে রওনা দিবো। আর যদি ঢাকায় কোনো শ্রদ্ধা জানানোর উদ্যোগ নেয়া হয়, তাহলে পরবর্তী সিদ্ধান্ত আমরা জানিয়ে দিবো।”
বেগম মুশতারী শফী ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক একাধিক গ্রন্থ রচনা করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য: ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী’, ‘চিঠি, জাহানারা ইমামকে’ ও ‘স্বাধীনতা আমার রক্তঝরা দিন’।
এছাড়াও তিনি প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনি, কিশোর গল্পগ্রন্থ, স্মৃতিচারণমূলক গ্রন্থও রয়েছে।
৬০ দশকে মুশতারী শফী চট্টগ্রামে ‘বান্ধবী সংঘ’ নামে নারীদের একটি সংগঠন প্রতিষ্ঠার পাশাপাশি তিনি ‘বান্ধবী’ নামে একটি পত্রিকা প্রকাশ করেন। এবং ‘মেয়েদের প্রেস’ নামে একটি ছাপাখানা চালু করেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনন্য ভূমিকা রাখায় ২০১৬ সালে মুশতারী শফীকে ‘ফেলোশিপ’ প্রদান করে বাংলা একাডেমি। ২০২০ সালে ‘রোকেয়া পদক’ক ভূষিত হন তিনি।







