শমরিতার ইন্টার্ন ডাক্তারদের দাবি মেনে নিলো কর্তৃপক্ষ

দাবি মেনে নেয়ার পর শিক্ষার্থীদের উল্লাস
ইন্টার্ন ডাক্তার (এমবিবিএস)-এর সর্বনিম্ন ভাতা পনেরো হাজার টাকা ও ইন্টার্ন ডাক্তার (বিডিএস)-এর সর্বনিম্ন ভাতা দশ হাজার করাসহ এম এইচ শমরিতা হাসপাতাল ও মেডিকেল কলেজের ডাক্তার শিক্ষার্থীদের আট দফা দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা রোববার সকাল থেকে ক্যাম্পাসের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে তাদের সঙ্গে দাবির বিষয় নিয়ে কথা বলতে ক্যাম্পাসে চলে আসেন কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মকবুল হোসেন।
বেলা দেড়টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে তাদের আট দফা দাবি মৌখিকভাবে মেনে নেন তিনি। সেসব দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাসও দেন।
কিন্তু মৌখিত দাবিতে সন্তুষ্ট না হয়ে চেয়ারম্যানের বক্তব্য ইন্টার্ন ডাক্তাররা লিখিত আকারে চাইলে তাদের ৫-৭ জনের একটি প্রতিনিধি দল চেয়ারম্যান ও কলেজ ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসে।
বৈঠক শেষে সব দাবি মেনে চেয়ারম্যান হাজী মকবুল হোসেন তা লিখিত আকারে দিলে বিক্ষোভ সমাপ্তির সিদ্ধান্ত নেন ইন্টার্ন ডাক্তাররা।
রোববার সকাল সাড়ে নয়টায় রাজধানীর তেজগাঁওয়ের লাভ রোডে কলেজটির সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ব্যানার-প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভরত ইন্টার্ন ডাক্তার আকাশ চ্যানেল আই অনলাইনকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সব মেডিকেল কলেজ ডাক্তারদের মাসিক ভাতা পনেরো হাজার আর এখানে দশ হাজার, যা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। তাছাড়া ছাত্র-ছাত্রী যদি অন্য মেডিকেলে ইন্টার্নশিপের ব্যবস্থা নেয় তখন কর্তৃপক্ষ অনাপত্তিপত্র দেয় না। বরং বিভিন্নভাবে হুমকি দেয়।
শমরিতা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আট দফা দাবি
১. বিনা দোষে বহিষ্কৃত ইন্টার্ন ডাক্তার লিমন মন্ডলের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে।
২. ইন্টার্ন ডাক্তার (এমবিবিএস) সর্বনিম্ন ভাতা পনেরো হাজার টাকা দিতে হবে। ইন্টার্ন ডাক্তার (বিডিএস) সর্বনিম্ন দশ হাজার টাকা দিতে হবে।
৪. ফাইনাল পেশাগত পরীক্ষায় অকৃতকার্য হলে বিএমডিসি নিয়ম বহির্ভূত বাড়তি ৬ মাসের ৭৮ হাজার টাকা নেওয়া বন্ধ করতে হবে।
৫. একদিন অনুপস্থিতির জন্য সর্বোচ্চ জরিমানা বিশ টাকা করতে হবে।
৬. যে কোন পেশাগত পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ধার্যকৃত ফি এর অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করতে হবে।
৭. শিক্ষার্থীদের বেতন দেওয়া সর্বশেষ সময় ১০ তারিখ করতে হবে।
৮. সকল শিক্ষার্থীদের জন্য চিকিৎসা এবং ল্যাব পরীক্ষা সম্পূর্ণ ফ্রি দিতে হবে এবং শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য চিকিৎসা এবং ল্যাব পরীক্ষায় ৬০ শতাংশ ছাড় দিতে হবে।







