ছাত্রলীগ থেকে চরম আওয়ামী লীগবিরোধী প্রধানের মৃত্যু

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান মারা গেছেন। রোববার ভোর সাড়ে ৬টায় রাজধানীর আসাদগেটে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
জাগপা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি নাহিদ হাসান চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
ছাত্রলীগের মাধ্যমে শফিউল আলম প্রধান রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি ছিলেন ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে ছাত্রলীগের ৭ নেতাকর্মী হত্যার (সেভেন মার্ডার) প্রধান অভিযুক্ত ছিলেন।
ওই হত্যাকাণ্ডের বিচারে শফিউল আলম প্রধানের কারাদণ্ড হয়েছিল। ‘৭৫-এর ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। এরপর জিয়াউর রহমান ক্ষমতায় এসে তাকে মুক্তি দেন।
মূলত সেভেন মার্ডারে জড়িয়ে ছাত্রলীগের রাজনীতি থেকে ছিটকে পড়েন তিনি। সর্বশেষ বিএনপি’র নেতৃত্বে ২০ দলীয় জোটের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের সভাপতি হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন শফিউল আলম প্রধান।



