ঘরের মাঠে এশিয়া কাপ কড়া নাড়ছে বাংলাদেশ হকি দলের দুয়ারে। নিজেদের ঝালিয়ে নিতে কমতি রাখছে না মাহবুব হারুনের দলও। সেটারই আরেকটি মহড়া সেরে রাখল স্বাগতিকরা। প্রস্তুতি ম্যাচে শক্তিশালী জাপানকে হারিয়ে দিয়েছে লাল-সবুজের দল।
রোববার জাপানকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ম্যাচজয়ী গোল দুটি এনে দেন আশরাফুল ইসলাম রানা ও মিলন হোসেন।
এশিয়া কাপ হকিতে বাংলাদেশের গ্রুপেই পড়েছে জাপান। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দলটির মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি আগামী ১৫ অক্টোবর। তার আগে আত্মবিশ্বাস যোগানো জয়ে নিজেদের প্রস্তুতি এগিয়ে নিল হারুনের শিষ্যরা।
৪০ মিনিটের ম্যাচের প্রথম অর্ধেই দুটি গোল করে বাংলাদেশ। জাপানের গোলটি ম্যাচের শেষদিকে। যে পথে ফিল্ড গোল থেকে দলকে এগিয়ে দেন মিলন। পরে পেনাল্টি কর্নারে ব্যবধান দ্বিগুণ করেন রানা।
তবে আসল লড়াইটা হবে মূল টুর্নামেন্টেই। বিশ্ব হকি র্যাঙ্কিংয়ের ১৭তে আছে জাপান, বাংলাদেশ সেখানে ৩৪-এ। জাপানের মুখোমুখি হওয়ার আগে গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তানের বিপক্ষেও পরীক্ষা দিতে হবে স্বাগতিকদের।







