যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ)-এর বন্দুক ব্যবসার শক্তিশালী যোগসূত্র বা লবি নিয়ে বেশি ‘আতঙ্কিত’ না হতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার আইনপ্রণেতাদের একটি দলের সঙ্গে বৈঠকে অনেকটা ব্যঙ্গ করে এ কথা বলেন তিনি। চাপের মুখে নিজ দলের আগের অবস্থান থেকে একটু সরে এসে ট্রাম্প নতুন একটি অস্ত্র আইন সংস্কার বিল প্রস্তাব করতে ওই আইনপ্রণেতাদের প্রতি জোর আহ্বান জানান। তবে বলেন, সংশোধিত আইন অবশ্যই বোধগম্য ও বাস্তবায়নযোগ্য হতে হবে।
আইন সংস্কারের ক্ষেত্রে কারও কাছে আগ্নেয়াস্ত্র বিক্রির আগে অবশ্যই ওই ব্যক্তির পরিচয় ও অন্যান্য তথ্য ভালোভাবে যাচাই এবং রাইফেল ক্রেতার বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার পরামর্শ দেন তিনি।
গত ১৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেলে ফ্লোরিডার পার্কল্যান্ডে একটি স্কুলে হঠাৎ বন্দুক নিয়ে ঢুকে পড়ে প্রতিষ্ঠানেরই সাবেক ছাত্র নিকোলাস ক্রাজ। ফায়ার অ্যালার্ম বাজিয়ে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরে আনার চেষ্টা করে সে। ক্লাসরুম থেকে বের হওয়া শিক্ষার্থীদের ওপর এআর-১৫ মডেলের বন্দুক দিয়ে গুলি করে নিকোলাস। ওই হামলায় মোট ১৭ জন নিহত হয়।
হামলার পর থেকে আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয় বিষয়ক আইন আরও কঠোর করার দাবিতে আন্দোলন শুরু হয় পুরো ফ্লোরিডা জুড়ে। হামলায় বেঁচে যাওয়া শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিলে অংশ নেন। সেই প্রতিবাদ ও দাবি পরে ছড়িয়ে পড়ে পুরো যুক্তরাষ্ট্রে।
আন্দোলনকারীরা প্রেসিডেন্ট ট্রাম্পেরও তীব্র সমালোচনা করে। কেননা নির্বাচনী প্রচারণার সময় জয়ের জন্য এই এনআরএ’র কাছ থেকে বিরাট অঙ্কের অর্থ সহায়তা নিয়েছিলেন তিনি।
অস্ত্র বিক্রিতে বিক্রেতাদের পক্ষ থেকেই কঠোরতা বৃদ্ধি
অতীতের বেশ কিছু একই ধরনের সন্ত্রাসী হামলার ধারাবাহিকতায় সাম্প্রতিক ফ্লোরিডা হামলার পর সরকার পদক্ষেপ নিতে দেরি করলেও ইতোমধ্যে নিজেরা নিজেরাই ব্যবস্থা নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের বড় বড় অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। অস্ত্র বিক্রিতে কঠোর আইন আর বিচার-বিবেচনার অভাবে আর যেন এমন মর্মান্তিক ঘটনা না ঘটে সেজন্যই এই পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের দু’টি প্রধান খুচরা অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠান।
ডিক’স স্পোর্টিং গুডস-এর ৬শ’র বেশি দোকান রয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা এখন থেকে আর ‘অ্যাসল্ট-স্টাইল’ রাইফেল বিক্রি করবে না। একই সঙ্গে প্রতিষ্ঠানটি চলতি অস্ত্র আইনে সাধারণভাবে প্রয়োজনীয় কঠোর সংস্কার এনে নিজেরা সেটা মেনে চলবে।
অন্যদিকে আমেরিকার অন্যতম প্রধান আগ্নেয়াস্ত্র বিক্রেতা ওয়ালমার্ট জানিয়েছে, তাদের কাছ থেকে অস্ত্র কেনার জন্য এখন থেকে ক্রেতার বয়স কমপক্ষে ২১ হতে হবে।







