বিশ্বকাপের আগেরদিন স্পেনের কোচ বরখাস্তে অনেকেই অবাক হয়েছেন। কিন্তু অনেকে হতবাক হলেও হুলেন লোপেতেগির ছাঁটাইয়ে মহাখুশি একজন। তিনি সেস ফ্যাব্রেগাস।
লোপেতেগি বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিচ্ছেন ঘোষণার ৪৮ ঘণ্টা না পেরোতেই ইনিয়েস্তাদের কোচের পদ থেকে তাকে বরখাস্ত করে স্পেন। কোচ ছাঁটাইয়ের ঘোষণার দুই ঘণ্টার মধ্যেই আবার নতুন কোচ হিসেবে স্পেন ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি সাবেক ডিফেন্ডার হিয়েরোকে দায়িত্ব দেয়ার কথা জানানো হয়।
২০১০ বিশ্বকাপে ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার করা একমাত্র গোলের যোগানদাতা ছিলেন ফ্যাব্রেগাস। নিজেদের ইতিহাসে সেবারই প্রথম এবং একমাত্র বিশ্বকাপ জেতে স্প্যানিশরা।
কিন্তু এই বিশ্বকাপে বরখাস্ত হওয়া লোপেতেগির ২৩ সদস্যের দলে জায়গা হয়নি ফ্যাব্রেগাসের। যে সিদ্ধান্ত অনেকের মতো চেলসি মিডফিল্ডারকেও অবাক করেছে।
লোপেতেগির বরখাস্তে খুশি ফ্যাব্রেগাস মনে করেন এই ঘটনা দলে নতুন বিশৃঙ্খলা তৈরি করবে। একই সঙ্গে লোপেতেগির বরখাস্তে দলে ফেরারও আশা করছেন তিনি। টুইটারে লিখেছেন, ‘অপেক্ষা করুন, হয়ত আমি এখন দলে ডাক পেতে পারি!’
কিন্তু ফ্যাব্রেগাসের জন্য দুঃসংবাদ হল, স্কোয়াড ঘোষণার ডেডলাইন যে ৪ জুনই শেষ হয়ে গেছে। এখন বিশ্বকাপ খেলতে হলে দলের কারো ইনজুরি বা অন্যকোনো সমস্যার অপেক্ষা করতে হবে তাকে।








