শুরুর আগেই বড় ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট লিগ। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ, ব্যাটিংয়ে পাওয়ার হিটার ক্রিস লিনকে হারাতে যাচ্ছে পিএসএল। ট্রান্স-তাসমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার। অবশ্য লিন ব্যাট করতে না পারলেও নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতেছে অজিরা।
নিউজিল্যান্ড ইনিংসের নবম ওভারে ফিল্ডিং করার সময় কাঁধে আঘাত পান লিন। পরে সতীর্থদের সহযোগিতায় তাকে মাঠ থেকে বের করে আনা হয়। সাম্প্রতিক সময়ে তিনবার অস্ত্রোপচারের জন্য কাচির নিচে যেতে হয়েছে লিনকে। ত্রিদেশীয় এই টি-টুয়েন্টি সিরিজ দিয়েই দলে ফিরেছিলেন তিনি।
ম্যাচ শেষে জরুরি ভিত্তিতে দলের অন্য সদস্যদের আগেই লিনকে ব্রিসবেনে পাঠানো হয়। সেখানে তার কাঁধে স্ক্যান করানো হবে।
অস্ট্রেলিয়া দলের ফিজিও অ্যালেক্স কাউন্টোরিস বলেছেন, কাঁধে আঘাত পাওয়ার পর লিনকে স্ক্যানের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিক অবস্থা দেখে মনে হয়েছে তেমন মারাত্মক কিছু হয়নি।
তবে অজি ফিজিও পিএসএলের বিষয় উল্লেখ করে এটিও বলেছেন, ‘এই অবস্থায় পিএসএল খেলতে দুবাই যাচ্ছেন না লিন।’ যদিও শুরুর কয়েকটি ম্যাচ নাকি পুরো টুর্নামেন্টই মিস করবেন, সে বিষয়ে পরিষ্কার করেননি তিনি।
পিএসএল দল লাহোর কালান্দার্সের হয়ে শুক্রবারই মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল লিনের। নিলামের প্রথম খেলোয়াড় হিসাবে অজি মারকুটে ব্যাটসম্যানকে দলে নিয়েছিল লাহোর। লিনের ইনজুরি মারাত্মক কিছু নয় বলেই তাদের আশা।
শুধু পিএসএল নয়, লিনের ইনজুরি নিয়ে কপালে চিন্তার ভাজ পড়বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সেরও। আইপিএলের ১১তম আসরের নিলামে ১.৫ মিলিয়ন ডলারে লিনকে ধরে রাখে কেকেআর। অজি ওপেনারই শাহরুখ খানের দলের সবচেয়ে দামি খেলোয়াড়। আসন্ন আসরের জন্য এখনো অধিনায়কের নাম ঘোষণা করেনি কেকেআর। তাদের সংক্ষিপ্ত তালিকায় লিনের নাম উপরের দিকেই আছে।









