ক্রিকেট

লিড নিয়ে স্বস্তিতে শ্রীলঙ্কা

লিড নিয়ে স্বস্তিতে শ্রীলঙ্কা

রোশেন সিলভার লড়াকু ৮৫ রানে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মূল্যবান ৪৬ রানের লিড পেয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনের শেষ বিকেলে শ্রীলঙ্কা অলআউট হয়েছে ৩৩৬ রানে। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ২৯০।

শ্রীলঙ্কা এদিন শুরুতে কুশল সিলভাকে হারালেও দিমুথ করুনারত্নের ব্যাটে পথে ছিল। ১২৫ বল খেলে করুনারত্নে ৬৩ রানে সাজঘরে ফেরেন। মিডল-অর্ডারে ধনঞ্জয়া ডি সিলভা ৯৮ বলে ৫৯ রান করে দলকে পথে রাখেন। এরপর রোশেন ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। ১৭৪ বলে ৮৫ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি।

জ্যাক লিচ এবং আদিল রশিদ তিনটি করে উইকেট নেন। দুই উইকেট নেন মঈন আলী।

বুধবার দিনের খেলা ১০ ওভারের মতো বাকি থাকতে গুটিয়ে যায় ইংল্যান্ড। বাটলার ৬৭ বলে সাতটি চারে ৬৩ রান করে বিদায় নেন। কারেন ১১৯ বলে এক চার এবং ছয়টি ছক্কায় ৬৪ করেন।

তিন স্পিনার দিলরুয়ান পেরেরা, মালিন্দা পুষ্পকুমারা এবং অকিলা ধনঞ্জয়া মিলে নেন ৯ উইকেট।

টস জিতে ইংল্যান্ড ব্যাট করতে নামলে শুরুটা মোটেই ভালো হয়নি। দলীয় সাত রানের মাথায় সাজঘরে ফেরেন জেনিংস (১)। ৪৪ রান তুলতে বিদায় নেন তিন নম্বরে নামা স্টোকস (১৯)। ওপেনার বার্নস ৮১ বলে ৪৩ করে ধাক্কা সামলানোর চেষ্টা করেন।

বার্নস ফিরে গেলে বাটলার হাল ধরেন। শেষদিকে স্যাম কারেন ৬৪ রানের ইনিংস খেলে দলের স্কোর বড় করার চেষ্টা করেন। তাকে সঙ্গে দেন ৫২ বলে ৩১ রান করা আদিল রশিদ।

তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২১১ রানে জয় পেয়েছিল ইংল্যান্ড। শেষ ম্যাচ ২৩ নভেম্বর।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…