জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসকে ফেসবুকে যারা সাম্প্রদায়িক আক্রমণ করেছে, তাদের ‘বিকৃতমনা’ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন।
লিটন দাস বেশ আগে তার ফেসবুক পেজে দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে দেবীর ছবিসহ একটি পোস্ট দিয়েছিলেন। এরপর কতিপয় ফেসবুক ব্যবহারকারী তাকে অশালীন ভাষায় আক্রমণ করে। পরে বাধ্য হয়ে ওই পোস্টটি সরিয়ে নেন লিটন।
আরেকটি দুর্গা পূজার আগে বিষয়টি নতুন করে সামনে এসেছে।
এ ধরনের পরিস্থিতি সামলাতে সরকার কী উদ্যোগ নেবে, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা এ ধরনের কাজ করে তারা বিকৃতমনা। সরকার এ ধরনের উগ্রবাদের বিরুদ্ধেই কাজ করছে। এগুলো মোকাবেলার জন্য আমরা সাইবার সিকিউরিটি আইন করেছি।’
লিটন সম্প্রতি এশিয়া কাপের ফাইনালে ১২১ রানের ইনিংস খেলে দলকে শিরোপার স্বপ্ন দেখান। শেষ পর্যন্ত শেষ বলের লড়াইয়ে বাংলাদেশ হেরে গেলেও লিটনের ব্যাটিং প্রশংসিত হয়েছে।
‘কী সুন্দর খেলে এসেছে ছেলেটা’ এভাবে লিটনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের পুরো দল ভালো খেলেছে। কিন্তু যারা এ ধরনের (সাম্প্রদায়িক আক্রমণ) কাজ করে, তারা কিভাবে এটা করে বুঝে আসে না। এরা বিকৃতমনা। এই উগ্রবাদ-মৌলবাদের বিরুদ্ধেই আমাদের সরকার কাজ করছে।’







