শুরুটা করে দিয়েছিলেন ওপেনার লিটন দাস। পরে আফিফ হোসেন ধ্রুব চার নম্বরে নেমে ইনিংস মেরামতের দায়িত্ব সামলান দারুণ। দুই ব্যাটার মিলে এনে দিয়েছেন লড়াকু পুঁজি। গায়ানায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
টস জিতে আগে ব্যাট করতে নেমে টিম টাইগার্স ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৬৩ রান। লিটন ৪১ বলে ৪৯ রান করে আউট হন। মারেন তিনটি চার ও দুটি ছক্কা। ব্যক্তিগত ফিফটি ও দলগত একশ থেকে ১ রান দূরে থাকা অবস্থায় আউট হন।
তৃতীয় উইকেট জুটিতে লিটন-আফিফ মিলে যোগ করেন ৫৭ রান। পরে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গেও আফিফের জুটি জমে ওঠে। চতুর্থ উইকেট জুটিতে আসে মূল্যবান ৪৯ রান।
দুই ব্যাটারই সাজঘরে ফেরেন ১৯তম ওভারে। মাহমুদউল্লাহ এলবিডব্লিউ হন ২২ রান করে। খেলেন ২০ বল। আফিফ হন রান আউটন। ৩৮ বলে এ বাঁহাতির ৫০ রানের ইনিংসে ছিল দুটি করে চার ও ছয়ের মার।
এনামুল হক বিজয় ও লিটনের ওপেনিং জুটিতে আসে ৩৫ রান। লিটন দারুণ ব্যাট কলে গেলেও ২২ গজে ছন্দে ছিলেন না বিজয়। ১১ বলে ১০ রান করেন তিনি। সাকিব আল হাসান নেমে প্রথম বলে বাউন্ডারি মারলেও টিকতে পারেননি বেশিক্ষণ। ৩ বলে ৫ রানে ফিরতে হয় তাকে।
মোসাদ্দেক হোসেন সৈকত ৬ বলে ১০ ও নুরুল হাসান সোহান ২ বলে ২ রানে অপরাজিত থাকেন। দুটি উইকেট নেন হেইডেন ওয়ালশ।








