এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথমবার তিনঅঙ্কের দেখা পেয়েছিলেন। লিটন দাস ওয়ানডেতে দ্বিতীয় সেঞ্চুরিটি তুলে নিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। ডানহাতি ব্যাটসম্যানের ঝলমলে ইনিংসে সিলেটে রানের চাকা ঘোরাচ্ছে বাংলাদেশ।
রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফী বিন মোর্ত্তজা। অধিনায়কের সিদ্ধান্তে বেশ ভালো সাড়া দিয়েছেন টপঅর্ডারের ব্যাটসম্যানরা।
বাংলাদেশ-১৮২/৩ (৩৪)
লিটনকে নিয়ে ওপেনিংয়ে আসা তামিম ইকবাল খেলছিলেন বেশ রয়েসয়ে। ৬০ রান তোলার পর উদ্বোধনী জুটিতে যতি পড়ে। রিভিউয়ের ভুল ব্যবহার করে ফেরেন তামিম। ২ চারে ৪৩ বলে ২৪ করে।
১৯ বছর বয়সী ডানহাতি অভিষিক্ত অফস্পিনার ওয়েসলের বলে ডিফেন্স করতে যেয়ে লাইন মিস করে প্যাডে আঘাত হানতে দেন বাঁহাতি ওপেনার। জিম্বাবুয়ের আপিলে আম্পায়ার সাড়া দেয়ার পর রিভিউ নিয়ে তামিম দেখলেন বল আঘাত হানত লেগ-মিডল স্টাম্পের মাঝামাঝিতে। অগত্যা ফিরতেই হয় সাজঘরে।
পাঁচ মাস পর ওয়ানডেতে ফেরা নাজমুল হোসেন শান্তকে নিয়ে পরের জুটিতেও দারুণ জমে যান লিটন। তাদের যৌথ প্রযোজনায় আসে ৮০ রান। এক চার ও বিশাল দুই ছক্কায় তরুণ বাঁহাতির ব্যাটে আসে ৩৮ বলে ২৯ রান।
শান্তর আউটেও থাকল তামিমের প্রভাব! সিনিয়র রিভিউ ব্যবহার করে গেছেন। লেগস্পিনার টিনোটেন্ডার বলটি যখন প্যাডে আঘাত হানে এবং আম্পায়ার এলবিডব্লিউ ঘোষণা করে দেন, তখন সাজঘরে ফেরা ছাড়া উপায় ছিল না শান্তর। অথচ টিভি রিপ্লে বলছিল বল স্টাম্পের বাইরে দিয়েই যেত। রিভিউ ছিল না, আম্পায়ারকে চ্যালেঞ্জও জানানো যায়নি।
লিটন ভুল করেননি। সেঞ্চুরি তুলে ছুটছেন সংগ্রহ বাড়াতে। ৯৫ বলে ৯ চার ও এক ছয়ে মাইলফলক ছুঁয়েছেন। ইনিংসের ৩৪তম ওভারে ট্রিপানোর বল লেগসাইডে ঠেলে এক রান নিয়ে ক্যারিয়ারের ৩৪তম ওয়ানডেতে ছুঁয়ে ফেলেন দ্বিতীয় শতক।
লিটনের শতকের খানিক পরেই ফিরে গেছেন মুশফিকুর রহিম, ১৯ করে।









