বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের তিন ম্যাচের একাদশে একটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। মোহাম্মদ মিঠুনের জায়গায় একাদশে নেয়া হয়েছে লিটন দাসকে। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
সেমিফাইনালের আশা জাগিয়ে রাখতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টন্টনের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দলে ব্যাটিং গভীরতা বাড়াল টাইগাররা।
বাংলাদেশের মতো একটি পরিবর্তন আছে ওয়েস্ট ইন্ডিজ একাদশেও। কার্লোস ব্র্যাথওয়েটের জায়গায় ক্যারিবীয় দলে নেয়া হয়েছে ড্যারেন ব্রাভোকে।
নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে বাংলাদেশ। পরের দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হেরে যায় তারা। শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়, করতে হয় পয়েন্ট ভাগাভাগি।
বাংলাদেশের মতো ওয়েস্ট ইন্ডিজও চারটি ম্যাচ খেলেছে। তাদের জয়-পরাজয়ও বাংলাদেশের সমান। প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেয়ার পর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কাছে হারে ক্যারিবীয়রা। আর সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি সাড়ে সাত ওভার খেলা হওয়ার পর বৃষ্টিতে ভেসে যায়। পয়েন্ট সমান হলেও রানরেটে এগিয়ে থাকায় টেবিলে বাংলাদেশের উপরে উইন্ডিজ।








