সাদা পোশাকের ক্রিকেটে স্টিভেন স্মিথ-জো রুটদের পেছনে ফেলে শীর্ষে উঠেছেন অজি ব্যাটার মার্নাস লাবুশেন। রঙিন পোশাকের টেবিলে শীর্ষস্থান হারানোর সপ্তাহের মাথায় পুনরুদ্ধার করলেন বাবর আজম। পাকিস্তান অধিনায়ক এখন ওয়ানডে ও টি-টুয়েন্টির এক নম্বর ব্যাটার।
চলতি অ্যাশেজে দুর্দান্ত ফর্মে থাকা মার্নাস লাবুশেন আইসিসি টেবিলে এগিয়েছেন তিন ধাপ। ইংলিশদের বিপক্ষে সিরিজের আগে চারে ছিলেন ডানহাতি ব্যাটার। ব্রিসবেনে ৭৪ রানের ইনিংসে সেরা দুইয়ে আসেন, পরের টেস্টে দুই ইনিংসে একটি করে শতক ও অর্ধশতকে সবাইকে ছাপিয়ে প্রথমবার পৌঁছে গেলেন শীর্ষে।
ক্যারিয়ার সেরা ৯১২ রেটিং নিয়ে আইসিসির শীর্ষ ব্যাটার এখন লাবুশেন। এক ধাপ পিছিয়ে দুইয়ে জো রুট। তিনে নেমে গেছেন স্মিথ।
ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে রঙহীন ছিল বাবর। বাজে ফর্মের কারণে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ে নেমে গিয়েছিলেন তিনে। সফরকারীদের হোয়াইটওয়াশ করার ম্যাচে ৫৩ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, সেটাই ফেরাল সেরার সিংহাসনে।
টি-টুয়েন্টির ব্যাটিং টেবিলে দুইয়ে নেমে গেছেন ইংল্যান্ডের ডেভিড মালান ও তিনে সাউথ আফ্রিকার এইডেন মার্করাম।
৫০ ওভারের ক্রিকেটে পাকিস্তান অধিনায়ক আগে থেকেই রয়েছেন সেরা অবস্থানে। পেছনে রয়েছেন যথাক্রমে ভারতের সাবেক ওয়ানডে অধিনায়ক বিরাট কোহলি ও বর্তমান দলপতি রোহিত শর্মা।
আইসিসির প্রকাশিত হালনাগাদে পরিবর্তন আসেনি বোলিংয়ে সেরার অবস্থানে। টেস্টে ৯০৪ রেটিং নিয়ে শীর্ষে অজি অধিনায়ক প্যাট কামিন্স। দুইয়ে ভারতের স্পিনার অশ্বিন। ওয়ানডেতে এক নম্বর বোলার ট্রেন্ট বোল্ট ও টি-টুয়েন্টিতে শীর্ষে লঙ্কান স্পিনার হাসারাঙ্গা।
পরিবর্তন আসেনি অলরাউন্ডারের শীর্ষস্থানেরও। ওয়ানডেতে সেরাদের সেরা সাকিব আল হাসান। টি-টুয়েন্টিতে আফগান মোহাম্মদ নবি ও টেস্টে উইন্ডিজের জেসন হোল্ডার।








