ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে বিরাট কোহলি ডাবল সেঞ্চুরির পর ক্যারিবীয় কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারার সঙ্গে কোহলির তুলনা করলেন কপিল দেব। বললেন, ব্রায়ান লারার চারশো রানের রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা আছে ভারতীয় টেস্ট অধিনায়কের।
দিল্লীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন কপিল দেব। তিনি মনে করেন, খুব দ্রুতই এই রেকর্ড ভেঙে দেবেন কোহালি। চলতি বছরে ভারত নিজের দেশের মাটিতে তেরোটি টেস্ট খেলবে। কোহলিদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক কপিল দেব বলেন ‘এই মৌসুমে দশটির উপরে টেস্ট খেলবে ভারত। এগুলোর মধ্যে কোথাও না কোথাও তো কোহালি নিজের পছন্দের পিচ পেয়ে যাবেই। আর সেটা পেলে ৪০১ রানের বিশ্ব রেকর্ড ও ভেঙে দেবে।’
কপিল দেব আরও যোগ করেন, ‘আমি জানি দেশের মাঠে বেশির ভাগ পিচ টার্নার হবে। কিন্তু আমি নিশ্চিত, এর মধ্যে দু’একটা দুর্দান্ত পিচ পাবে কোহালি। আর তাই আমি এ ব্যাপারেও নিশ্চিত যে, খুব তাড়াতাড়ি লারার রেকর্ডটা ভাঙতে চলেছে।’
চলতি বছরে তিন ফরম্যাটেই অবিশ্বাস্য ফর্মে রয়েছেন বিরাট। প্রথমে অস্ট্রেলিয়ায় ওয়ান ডে সিরিজে দুটো সেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপে পরপর ম্যাচ জেতানো ইনিংস। আইপিএল নাইনে চারটে সেঞ্চুরিসহ ৯৭৩ রান।







