জনপ্রিয় সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দের জীবন সংকটাপন্ন। তিনি এখন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন। আজ রোববার রাতে তার চিকিৎসক হাসপাতালের সেন্টার ফর প্যালিয়াটিভ কেয়ারের পরিচালক অধ্যাপক নিজামউদ্দিন আহমেদ জানান, লাকী আখান্দের শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আজ দুপুরে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘গতকালও ফোনে লাকী আখান্দের সঙ্গে আমার কথা হয়েছে। আমার আজ তাকে দেখতে আসার কথা ছিল। একদিনেই এতটা খারাপ হয়ে গেল!’
লাকী আখান্দের ঘনিষ্টজন এরশাদুল হক টিংকু বলেন, ‘আজ সকাল থেকে লাকী ভাই কোনো সাড়া দিচ্ছেন না। তবে রাত আটটার পর একটু চোখ খুলেছেন। কিছুটা সাড়াও দিচ্ছেন। তবে চিকিৎসকেরা বলেছেন অবস্থা সংকটাপন্ন।’
লাকী আখান্দ দীর্ঘদিন ধরে মরণব্যাধী ফুসফুসের ক্যানসারে ভুগছেন। গত বছর ব্যাংককে ছয় মাস চিকিৎসা করিয়েছেন। এরপর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। আবারও কেমোথেরাপি নেওয়ার জন্য ব্যাংকক যাওয়ার কথা থাকলেও আর্থিক সংকটের কারণে তা আর সম্ভব হয়নি।







