আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম লন্ডন থেকে দেশে এসেছেন। শনিবার সকাল ১১ টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে তিনি দেশে আসেন।
বিমান বন্দর থেকে নেমে সোজা বেইলি রোডের বাসায় যান তিনি। লন্ডন থেকে দেশে ফেরার সময় পরিবারের কেউ সঙ্গে আসেনি বলে বিশেষ সূত্রে জানা যায়।
স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে সৈয়দ আশরাফুল ইসলাম স্ত্রীর চিকিৎসা জন্য লন্ডনে যান। স্ত্রী শিলা ইসলাম লন্ডনের ইউসিএল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঁচদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় থেকে গত ২২ অক্টোবর মারা যান তিনি। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুর সময় পাশে ছিলেন সৈয়দ আশরাফ ও কন্যা রীমা আশরাফসহ দেবর শাফায়েতুল ইসলাম।
শিলা ইসলামের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাজ্যে। পেশায় শিক্ষক শিলা ইসলামের পড়াশোনা লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে। শিলা ইসলামের একমাত্র সন্তান সৈয়দা লিমা ইসলাম লন্ডনের এইচএসবিসি বাংকের উচ্চপদস্থ কর্মকর্তা।









