গত রোববার মাইলফলকের ম্যাচে মাঠে নেমেছিল আর্সেনাল। ওয়েস্ট ব্রমের বিপক্ষে ড্র হওয়া সেই ম্যাচের তিনদিন পর আবারো কঠিন পরীক্ষায় নামতে হচ্ছে গানারদের। ‘লন্ডন ডার্বি’তে প্রিমিয়ার লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ যে চেলসি।
দুদলের মৌসুমের প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। দ্বিতীয় লেগের লন্ডন ডার্বিতে আগুনে ম্যাচটি হবে বাংলাদেশ সময় বুধবার রাত পৌনে ২টায়।
নিজেদের মাঠে ম্যাচটি আর্সেনালের জন্য বেশ গুরুত্বপূর্ণ। বর্তমানে ২১ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে তারা। এক ম্যাচ বেশি খেলে চতুর্থ স্থানে থাকা লিভারপুলের পয়েন্ট ৪৪। সেরা চারে জায়গা পেতে হলে চেলসিকে হারিয়ে ৬ পয়েন্টে এগিয়ে থাকা লিভারপুলের কাছাকাছি যেতে হবে ওয়েঙ্গারের দলকে।
অন্যদিকে আর্সেনালকে পেছন থেকে তাড়া করছে টটেনহ্যাম হটস্পার্স। মঙ্গলবার সোয়ানসির বিপক্ষে ২-১ গোলে জিতে ২ পয়েন্টে আর্সেনালকে টপকে গেছে তারা। সেক্ষেত্রে পা ফসকালেই বিপদ বাড়বে আর্সেনালের।
হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে হারিয়ে নিজেদের অবস্থান মজবুত করে নেয়াই তাই মূল লক্ষ্য গানারদের। ম্যাচে দলের অন্যতম সেরা তারকা চোট আক্রান্ত মেসুত ওজিলের না খেলার সম্ভাবনা চিন্তায় রেখেছে স্বাগতিক শিবিরকে।
পাশাপাশি আর্সেনালের জন্য আরেক শঙ্কা চেলসির সাম্প্রতিক ফর্ম। লিগে ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ৩ নম্বর স্থানে আছে ‘ব্লুজ’রা। সর্বশেষ লিগ ম্যাচে স্টোক সিটিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যান্তোনিও কন্তের দল। তেমন কোন চোটের শঙ্কাও নেই চেলসি শিবিরে। তাই আর্সেনালের বিপক্ষে মাঠে নামার আগে মানসিকভাবে কিছুটা এগিয়েই থাকবে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি।
অবশ্য দুই দলের এ ম্যাচে আর্সেনালের জন্যও থাকছে আশারবাণী। বিশেষ করে দুই দলের মুখোমুখি সাম্প্রতিক লড়াই থেকে অনুপ্রেরণা নিতে পারে গানাররা। মুখোমুখি হওয়া সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই জিতেছে আর্সেনাল, বিপরীতে চেলসির জয় মাত্র একটি এবং অন্য একটি ম্যাচের ফল ড্র।








