করোনাভাইরাসের কারণে অনির্দিষ্ট সময়ের জন্য লকডাউনের ঘোষণা দিয়েছে জিম্বাবুয়ে সরকার। যার আওতায় আছে সবধরনের ক্রীড়া কার্যক্রমও। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে জুনের শেষ সপ্তাহে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা বাংলাদেশের।
সিরিজটি নিয়ে কিছুটা সংশয়ের দোলাচল দেখা দিলেও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আশাবাদী বাংলাদেশকে আতিথেয়তা দিতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সোমবার মিরপুরে সংবাদমাধ্যমকে বললেন তেমন কথাই।
‘করোনা সংক্রমণের ফলে ওদের সরকার সবধরনের স্পোর্টস বন্ধ করেছে। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড আমাদের জানিয়েছে তারা ক্রিকেট চালিয়ে নিতে সরকারের সঙ্গে আলোচনা করছে। ওদের সিইও’র সাথে সকালে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তারা সরকারের সাথে সিরিজ গড়ানোর লক্ষ্যে আলোচনা করছে এবং তারা আশাবাদী। তাদের সাথে যোগাযোগ রাখছি। তারা সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী।’
করোনার কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে জিম্বাবুয়ে ‘এ’ ও সাউথ আফ্রিকা ‘এ’ দলের চলতি চার দিনের ম্যাচও। জিম্বাবুয়ে ক্রিকেট সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জিম্বাবুয়ে ‘এ’ ও সাউথ আফ্রিকা ‘এ’ দলের খেলা ও প্রতিশ্রুত আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতি চালু রাখার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে তারা। খেলোয়াড়, সাপোর্ট স্টাফদের সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা রেখে খেলাধুলা চালু রাখতে চান তারা।
চার দিনের ম্যাচ দিয়ে সফর শুরুর পর বুলাওয়েতে একমাত্র টেস্ট খেলার কথা মুমিনুল হকের দলের। এরপর স্বাগতিকদের বিপক্ষে হারারেতে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলার কথা টাইগারদের।
টেস্ট দিয়ে শুরু হওয়ার কথা সিরিজটি। একমাত্র টেস্টের সম্ভাব্য তারিখ ৮-১২ জুলাই।







