সাউথ আফ্রিকায় সিরিজের প্রথম টেস্টে বীরত্বপূর্ণ সেঞ্চুরিতে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ এগিয়েছেন মাহমুদুল হাসান জয়। প্রোটিয়া ডেরায় বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানের বড় লাফে অবস্থান এখন তালিকার ৬৬তম স্থানে।
জয় এগোলেও পিছিয়েছেন মিডল অর্ডার ব্যাটার লিটন দাশ। আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে ৪ ধাপ অবনমন তার, ২১ থেকে ১৭ নম্বরে এখন ডানহাতি ব্যাটার।
প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি স্পিনারের বর্তমান অবস্থান ৩২তম। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে মিরাজ আছেন ১৫ নম্বরে।
প্রথম টেস্টে না খেলে ব্যাটিং-বোলিং দুটোতেই পিছিয়েছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে তিন ধাপ পিছিয়ে ৪২ ও বোলিংয়ে এক ধাপ পিছিয়ে ২৯ নম্বরে আছেন বাঁহাতি অলরাউন্ডার। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানেই আছেন টাইগার তারকা।
টেস্ট বোলিংয়ের ছয় ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ে ৭৯তে আছেন পেসার ইবাদত হোসেন। আরেক পেসার তাসকিন আহমেদ দুই ধাপ এগিয়ে আছেন ৯১-এ।







