রোহিঙ্গাদের প্রতি সহযোগিতার হাত বাড়াতে সকলের প্রতি আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, মিয়ানমারকে তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য করতে হবে। তবে শুধু মুসলমান নয় বরং মিয়ানমার থেকে আসা হিন্দু রোহিঙ্গাদের প্রতিও সহমর্মিতা দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর শারদীয় দুর্গাপূজার দুটি মণ্ডপ পরিদর্শনে গিয়ে একথা বলেন রাষ্ট্রপতি।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে দুপুরে ঢাকেশ্বরি মন্দিরে যান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মন্দিরে ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর রাষ্ট্রপতি জানান, এই মন্দিরের সকল আয়োজনে সব সম্প্রদায়ের মানুষ অংশ গ্রহণ তাকে আনন্দিত করে। তার মতে, এটাই বাঙালির শাশ্বত ঐতিহ্য। তিনি বলেন, ধর্মান্ধতা ও জঙ্গিবাদের চ্যালেঞ্জ মোকাবিলায় এমন আয়োজন জাতীয় ঐক্য ও সংহতিকে আরো সুদৃঢ় করবে।
বিকেলে রাজধানীর রামকৃষ্ণ মিশনের শারদীয় দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে রাষ্ট্রপতি কথা বলেন রোহিঙ্গা ইস্যুতে। রোহিঙ্গা জনগোষ্ঠির প্রতি সহানুভূতিশীল হওয়ার পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব উৎযাপনে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, বিভিন্ন ধর্মের আচার বা চর্চায় পার্থক্য থাকলেও মূল সূর ধ্বনিত হয় একই চেতনায়। তার মতে, ধর্মে-ধর্মে কোন বৈষম্য নেই। যারা এই সত্য অনুধাবন করতে পারে না তাদের জন্যই বিভেদ দেখা দেয় এবং যার মূল্য দিতে হয় গোটা মানবজাতিকে।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







