কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ডেনিশ রাজকুমারী

ডেনিশ রাজকুমারী রোহিঙ্গা ক্যাম্পে পরিদর্শন করছেন, সবাই মাস্ক পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেনিশ রাজকুমারী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন, সঙ্গে স্থানীয় কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছেন ডেনমার্কের রাজকুমারী মেরি এলিজাবেথ ডোনাল্ডসন।

আজ মঙ্গলবার সকালে রাজকুমারী মেরি উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।

প্রথমে রাজকুমারী মেরি ৫নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান, পরে ৬নম্বর ও ৮নম্বর ক্যাম্পে গিয়ে ডেনমার্কের সংস্থা ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। সেখানে রাজকুমারী রোহিঙ্গা ক্যাম্পের পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপণ কার্যক্রম পরিদর্শন এবং নিজে বৃক্ষ রোপণ কার্যক্রমে অংশ নেন।

এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি।

বৈঠকে রাজকুমারী পৃথিবীর সবচেয়ে বড় শরনার্থী শিবিরের মানবিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। ডেনিশ রাজকুমারী ক্যাম্পে রোহিঙ্গাদের দৈনন্দিন জীবন যাপন ঘরে ঘরে গিয়ে দেখেন এবং রোহিঙ্গাদের সাথে নানা বিষয় নিয়ে কথা বলেন।

রাজকুমারীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের দিনব্যাপী কর্মসূচিতে রোহিঙ্গাদের সাথে মতবিনিময় এবং বিকেলে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে ডেনিশ রিফিউজি কাউন্সিল পরিচালিত বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শনের কথা রয়েছে।

গতকাল সোমবার বিকেলে একটি বেসরকারি বিমানযোগে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। আগামীকাল বুধবার সকালে রাজকুমারী হেলিকপ্টারযোগে সাতক্ষীরার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…