মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা অযাচিতভাবে বাংলাদেশের ওপর এসে পড়ছে উল্লেখ করে এই ইস্যুতে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এ নিয়ে ঢাকার অবস্থান।
রোহিঙ্গা ইস্যুতে সরাসরি কোন মন্তব্য না করলেও পররাষ্ট্র সচিব বলেছেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে যে অবস্থান নেওয়া উচিত, বাংলাদেশ তাই করছে।
মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলার জেরে বেশ ক’দিন ধরে রোহিঙ্গাদের ওপর চলছে অত্যাচার, নির্যাতন। নির্বিচারে ধর-পাকড় এড়াতে পালিয়ে বেড়াচ্ছে আরাকান রাজ্যের রোহিঙ্গারা। নিরাপদ আশ্রয় মেনে ভীর জমাচ্ছে কক্সবাজারে।
বিষয়টি মিয়ানমারের অভ্যন্তরীন হলেও উদ্বেগের কারণ হচ্ছে বাংলাদেশের জন্য। মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন সানকে দুপুরে পররাষ্ট্র মন্ত্রনালয়ে ডেকে সে কথাই সাফ জানিয়ে দিয়েছেন দ্বিপাক্ষিক সম্পর্ক বিভাগের সচিব কামরুল আহসান।
নিরাপদ অভিবাসন ও উন্নয়ন বিষয়ক বৈশ্বিক সম্মেলনের প্রস্তুতি জানাতে সাংবাদিকদের সামনে পররাষ্ট্র সচিব শহিদুল হক সরাসরি কিছু না বললেও জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গেই নিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান মিয়ানমারের সর্বোচ্চ পর্যায়ে জানানো হয়েছে উল্লেখ করে সচিব বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু করছে না, এমন ভাবার সুযোগ নেই।
আগামী ৮ ডিসেম্বর ঢাকায় শুরু হতে যাওয়া পাঁচ দিনের বৈশ্বিক অভিবাসন সম্মেলনে সরকারী, বেসরকারী প্রতিনিধি মিলিয়ে ৭৩ দেশের প্রায় পাঁচ’শ জন অংশ নেবেন।








