রোহিঙ্গাদের নিয়ে সারা বিশ্বের মানুষের বিবেক নাড়া দিয়েছে উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘অনেকে মনে করেন রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত। কিন্তু মিয়ানমার সরকারের যে মনোভাব তাতে আমার মনে হয় না এসব রোহিঙ্গাকে ফিরিয়ে নেবে তারা। এই ভার আমাদেরই বহন করতে হবে।’
এত লোকের ব্যয়ভার বহন করা অত্যন্ত কঠিন উল্লেখ করে তিনি বলেন, ‘৫ থেকে ৭ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া, খাওয়ানো এবং ভবিষ্যতে কর্মসংস্থান দেওয়া কঠিন হবে।’
এরশাদ বলেছেন, ‘মিয়ানমারের নেত্রী অং সান সু চি ঘোষণা দিয়েছেন দেশ ত্যাগ করা রোহিঙ্গাদের ভিসা ও আইডি কার্ড দেখে বেছে বেছে দেশে ফিরিয়ে নিবে। যাদের ভিসা ও আইডি কার্ড নেই তাদের কিভাবে ফিরিয়ে নেবে? এ ঘোষণা সু চির ভাওতাবাজি ছাড়া আর কিছু নয়।’
এরশাদ ৩দিনের সফরে ঢাকা থেকে রংপুরে যেয়ে রোববার সকালে তার নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের এসব কথা বলেন।







