রোহিঙ্গা ইস্যুতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে মালয়েশিয়া বাংলাদেশের প্রতি সমর্থন এবং সংহতি জানিয়ে পাশে থাকবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ড. আহমাদ জাহিদ হামিদি। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দিতে একটি ‘ফিল্ড হাসপাতাল’ স্থাপনের আগ্রহ প্রকাশ করেন তিনি।
রোববার সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে অংশ নেন জাহিদ হামিদি। এসময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন তার সঙ্গে আসা মানবসম্পদ মন্ত্রী রির্চাড রিয়ৎ এবং বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
রোহিঙ্গা সংকটে মালয়েশিয়ার অবস্থান এবং এই সংকট সমাধানে তারা কী ধরণের সহযোগিতা করতে পারে তা নিয়ে আলোচনা করতে দু’দিনের সফরে বাংলাদেশে এসেছেন তিনি।
সফরের প্রথম বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের চিকিৎসা সেবা দিতে একটি‘ ফিল্ড হাসপাতাল’ স্থাপনের আগ্রহ প্রকাশ করেন তিনি বলেন: এই হাসপাতালে তিন লাখ রোগীকে চিকিৎসা দেয়া সম্ভব হবে।
বৈঠকে মালয়েশিয়ার প্রভাবশালী এই রাজনীতিবিদ জানান: দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের মধ্যে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করা হচ্ছে। এছাড়া মালয়েশিয়া রোহিঙ্গাদের সেবায় আসতে চায় বলেও নিজেদের অবস্থান ব্যক্ত করেন তিনি।
ড. আহমাদ জাহিদ হামিদির দু’দিনের এই সফরে সোমবার রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার সফর করার কথা রয়েছে।







