রোম সিটি নির্বাচনে আলোচনায় দুই বাংলাদেশি নারী প্রার্থী

Laila Shah and another woman pose in front of Roman landmarks, promoting social and political engagement. Channel i News – চ্যানেল আই নিউজ
আগামী অক্টোবরে অনুষ্ঠেয় ইতালির রাজধানী রোম সিটি কর্পোরেশনের নির্বাচনে আলোচনার শীর্ষে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই নারী প্রার্থী। তাদের একজন নারীনেত্রী লায়লা শাহ্। আরেকজন সাংবাদিক জুমানা মাহমুদ।
রোমের ৫ ও ১২ নম্বর মিউনিসিপিওতে প্রার্থী হয়েছেন লায়লা শাহ্। আর ৭ নম্বর মিউনিসিপিও এবং কমুনের কাউন্সিলর পদে প্রার্থী সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি সাংবাদিক জুমানা মাহমুদ।
এই দুই নারী প্রার্থীকে নিয়ে আশাবাদী ইতালি প্রবাসী বাংলাদেশিরা। আলোচনার শীর্ষে থাকা এই দুই প্রার্থীর জয়ের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করছেন তারা। এ নির্বাচনে শুধু বাংলাদেশিরাই নয়, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রবাসীরাও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
ইতালিতে বাংলাদেশ মহিলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি লায়লা শাহ্ বলেন, আমি নির্বাচিত হলে প্রবাসী বাংলাদেশিসহ সকলের সমস্যা সমাধানে কাজ করে যেতে চাই। মূলধারার রাজনীতিতে থেকে এটা সম্ভব।
তিনি আরও বলেন, নারীদের নানা সমস্যার কথা সরকারের কাছে তুলে ধরাই হবে আমার প্রধান কাজ। এছাড়াও ইতালি প্রবাসী বাংলাদেশীদের ইমিগ্রেশনসহ তাদের অধিকার নিয়ে কথা বলতে চাই বড় ফোরামে। আর সে জন্যই আসন্ন নির্বাচনে অংশ নিয়েছি। আশা করি প্রবাসী বাংলাদেশিরা আমাদেরকে বিজয় করে দেশের সম্মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।
সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি এবং ইতালি তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী জুমানা মাহমুদ জানান, এখানে প্রবাসী বাংলাদেশীদের সমস্যার কথা তিনি সরকারের কাছে তুলে ধরতে এই নির্বাচনে অংশ নিয়েছেন।
তিনি বলেন, ইতালিতে এই প্রথম কোন বাংলাদেশি নারী সাংবাদিক রোম সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছে।
এ নির্বাচনে লায়লা শাহ্ কে শুধুমাত্র ৫ এবং ১২ নম্বর মিউনিসিপিওর বাসিন্দারাই ভোট দিতে পারবেন। তবে জুমানা মাহমুদকে ৭ নম্বর মিউনিসিপিও রবাসিন্দা ছাড়াও যেকোনো মিউনিসিপিও থেকে কমুনের কাউন্সিলর পদে ব্লু রংয়ের ব্যালটে ভোট দিতে পারবেন।
রোম সিটি নির্বাচনে এবার সর্বাধিক ২২ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।



