তিনদিন বাদে এএস রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠার মিশন। সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে রোম যাত্রা করবে লিভারপুল। তার আগে বড় ধাক্কাই খেল তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে স্টোকসিটির বিপক্ষে নিজেদের মাঠে গোলশূন্য ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের দল।
অবনমন প্রায় নিশ্চিত স্টোকসিটির। তবু এই দলের বিপক্ষেই শনিবার কেমন যেন মিইয়ে ছিলেন মোহামেদ সালাহ-রবার্তো ফিরমিনোরা। ঘরের মাঠ এনফিল্ডে প্রতিপক্ষের জাল বরাবর কেবল দুবারই শট নিতে পেরেছেন ‘অল রেড’ ফরোয়ার্ডরা।
কপাল ভাল থাকলে অবশ্য ৪১ মিনিটেই গোল পেতে পারতো লিভারপুল। ড্যানি ইংসের বাঁ পায়ের শট জালে জড়ালেও অফসাইডের কারণে বাতিল করেন রেফারি।
রেফারির কারণেই আরো একবার গোলবঞ্চিত স্বাগতিকরা। ৮৭ মিনিটে ডি-বক্সে স্টোকসিটির এক খেলোয়াড়ের হাতে বল লাগলেও পেনাল্টি দেননি রেফারি। তাতে গোলও পাওয়া হয়নি অল রেডদের।
এই ড্র রোমার বিপক্ষে কোনো প্রভাব ফেলে কিনা সে চিন্তায় লিভারপুল সমর্থকরা। প্রথম লেগে ৫-২ গোলে এগিয়ে থাকলেও রোমানদের ঘরের মাঠে কঠিন পরীক্ষার মুখেই হয়তো পড়তে হবে লিভারপুলকে।
এই ড্রয়ে ৩৬ ম্যাচে ৭২ পয়েন্ট হল লিভারপুলের। আছে পয়েন্ট টেবিলের তিনে। দুই ম্যাচ কম খেলা টটেনহ্যাম ৪ পয়েন্টে পিছিয়ে আছে টেবিলের চারে। ৩৪ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে সবার উপরে শিরোপা নিশ্চিত করা ম্যানসিটি।







