বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার তিনটি মামলার জামিন আবেদন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের গঠিত হাইকোর্ট বেঞ্চের রোববারের কার্যতালিকার শীর্ষে রয়েছে।
শনিবার সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে দেখা যায়, হাইকোর্টের ওই বেঞ্চে রোববারের কার্যতালিকায় যথাক্রমে ১ থেকে ৩ পর্যন্ত রয়েছে খালেদা জিয়ার আবেদন তিনটি।
এর আগে গত বৃহস্পতিবার খালেদা জিয়ার তিনটি জামিন আবেদনের মধ্যে কুমিল্লায় বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে করা মামলাটির জামিন শুনানি এই বেঞ্চে শেষ হয়। এরপর আদালত তিনিটি জামিন আবেদন একসাথে রোববার আসবে বলে জানান। হাইকোর্টের এই বেঞ্চে কুমিল্লায় বিশেষ ক্ষমতা আইনে করা একটি ও মানহানির অভিযোগে নড়াইলে করা আর একটি মামলার জামিন আবেদন রয়েছে।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৫। এরপর থেকেই খালেদা জিয়া নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে আছেন।
তবে এই মামলায় খালেদা জিয়া জামিন আবেদন করলে গত ১২ মার্চ হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন দেন। কিন্তু জামিনের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষ আলাদা লিভ টু আপিল করলে গত ১৬ মে তা খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ।
এই রায়ের ফলে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদার জামিন বহাল থাকে। তবে আরো কয়েকটি মামলায় জামিন না থাকায় কারাগার থেকে খালেদা জিয়া বের হতে পারেননি। এরপর গত ২০ মে কুমিল্লার ২টি ও নড়াইলের ১টি মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া।







