রোনাল্ডোর হ্যাট্রিকে অ্যাটলেটিকোকে হারিয়ে শীর্ষে রিয়াল

স্প্যানিশ লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর হ্যাট্রিকে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে জিনেদিন জিদানের দল। রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন রোনাল্ডো।
খেলার শুরু থেকেই আধিপত্য ধরে রাখে রিয়াল মাদ্রিদ। বল মাঠে গড়ানোর কয়েক মিনিট পর গোল করার একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় রিয়ালের। ২৩ মিনিটে রোনাল্ডোর ফ্রি কিকের বল প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে জালে জড়ায়। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফিরতে দু’দফা আক্রমণ চালিয়েও ব্যর্থ হয় অ্যাটলেটিকো মাদ্রিদ। উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন রোনাল্ডো।
৭১ মিনিটে ডি বক্সে বল বিপদমুক্ত করতে না পারায় রোনাল্ডোকে ফাউল করেন প্রতিপক্ষের ডিফেন্ডার সাভিচ। প্যানাল্টির সুযোগ পেয়ে ব্যবধান বাড়ান রোনাল্ডো। ছয় মিনিট পরই সতীর্থ গ্যারেথ বেলের দারুণ এক পাস থেকে হ্যাট্রিক পূরণ করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।



