ইউরো-ফুটবলে দেশের জার্সিতে আরো একটি হতাশার ম্যাচ পার করেছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়ার ম্যাচে পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়েছেন তিনবারের ব্যালন-ডি’অর জেতা রোনালদো। তার ব্যর্থতায় পর্তুগাল অস্ট্রিয়ার সঙ্গে গোলশূণ্য ড্র করে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শংকায় পড়েছে ।
‘এফ’ গ্রুপে হাঙ্গেরি ও আইসল্যান্ডের ম্যাচও ড্র হওয়ায় রাউন্ড অফ সিক্সটিনে কোন দুই দল উঠবে তা নিয়ে তৈরি হয়েছে তীব্র প্রতিদ্বন্দ্বীতা।
আইসল্যান্ডের সঙ্গে পর্তুগালের ১-১ গোলে ড্র করার প্রথম ম্যাচে রোনালদোর পারফরম্যান্সে হতাশ ছিলো ভক্তকূল। অস্ট্রিয়ার সঙ্গে দ্বিতীয় ম্যাচে ফিগো’র কীর্তিকে টপকে দেশের হয়ে সর্বাধিক ১২৮ ম্যাচ খেলার রেকর্ড গড়েন পর্তুগিজ অধিনায়ক। খেলা শুরু হতেই নিষ্প্রভ রোনাল্ডে । ২১ মিনিটে তার গোল করার প্রচেষ্টা ব্যর্থ হয়।
২৭ মিনিটে রোনালদো নন, এবার ন্যানি’র হেড প্রতিহত হলো অস্ট্রিয়ার সাইডপোস্টে, দূর্ভাগ্য পর্তুগালের ।
দ্বিতীয়ার্ধেও একই দৃশ্য। ৫৪ মিনিটে চেনা রুপে ‘সি-আর সেভেন’। এবার তার দূর্দান্ত শট আটকে দিলেন অস্ট্রিয়ান গোলকিপার রবার্ট আল-মের।
৭৭ মিনিটে গোল করার সেরা সুযোগ। নিজেদের ডি-বক্সে রোনালদোকে ফাউল করেন অস্ট্রিয়ান ডিফেন্ডার হিন্টারেগার। রেফারি পর্তুগালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। ভক্তদের হতাশ করে রোনালদোর পেনাল্টি শট প্রতিহত হলো সাইডবারে।
বাকি সময়টা পর্তুগিজদের দাপট থাকলেও খেলা শেষ হলো গোলশূণ্য ড্র’য়ে । দুই ড্র’তে ‘রাউন্ড অফ সিক্সটিন’ নিয়ে অনিশ্চয়তায় ২০০৪’র ফাইনালিস্ট পর্তুগাল। ২২ জুন হাঙ্গেরি’র সাথে শেষ ম্যাচে জয় না পেলে বিদায়ঘন্টা বাজতে পারে রোনালদোর পর্তুগালের।
‘এফ’ গ্রুপের আরেক ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করে গ্রুপ শীর্ষে হাঙ্গেরি। ৪০ মিনিটে সিগার্ডসনের গোলে এগিয়ে গিয়েছিলো আইসল্যান্ড। ৮৭ মিনিটে আইসল্যান্ডেরই ডিফেন্ডার সিভারসনের আত্মঘাতি গোলে হার বাঁচিয়েছে হাঙ্গেরি। দুই ম্যাচে তাদের সংগ্রহ চার পয়েন্ট। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে পর্তুগাল ও আইসল্যান্ড।








