সাউদাম্পটন থেকে: বিশ্বকাপের এক আসরে ৪০০ রান ও ১০ উইকেট শিকারের বিরল কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। সোমবার রোজ বোলে তার অলরাউন্ড নৈপুণ্যের কাছে স্রেফ উড়ে গেছে আফগানিস্তান। দলের জয় আর নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা তৃপ্তি দিচ্ছে সাকিবকে।
‘আমি খুবই সন্তুষ্ট। এটা খুব দরকার ছিল। আমার নিজের কথা ভাবলে কিংবা দলের কথা ভাবলে। ভাগ্য সহায় যে আমি এটা করতে পেরেছি এবং টুর্নামেন্ট এভাবে যাচ্ছে।’
‘সামনে আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। ভারতের সঙ্গে পরের ম্যাচ অনেক কঠিন। অভিজ্ঞতা আছে, কিন্তু অভিজ্ঞতা দিয়েই সব হয় না। আমাদের ভারতকে হারাতে সেরাটা ঢেলে দিতে হবে। তাদের হারানো সহজ না। বিশ্বমানের সব বোলার, ব্যাটসম্যান আছে ওদের। আমাদেরকে সেরা খেলাটা খেলতে হবে।’
আফগানদের বিপক্ষে ১০ ওভারে ২৯ রান দিয়ে সাকিব নেন ৫ উইকেট। তার আগে ব্যাট হাতে খেলেন ৫১ রানের ইনিংস। তাতে চলতি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান (৪৭৬) সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন।
সাকিবের এ ম্যাচের বোলিং ফিগারটাও (৫/২৯) চলতি আসরের সেরা। ব্যাটে-বলে সমানতালে লড়ে যাচ্ছেন সুপারম্যান সাকিব। বিশ্বমঞ্চে ছড়াচ্ছেন দ্যুতি। তাতে সেমিফাইনাল খেলার পুরনো স্বপ্নটা আবারও নতুন করে দেখতে পাচ্ছে বাংলাদেশ।







