সড়ক দুর্ঘটনায় ক্লাব ও আর্জেন্টিনার হয়ে কয়েকটি ম্যাচ হাতছাড়া করেছেন। ফিরেই জ্বলে উঠলেন সার্জিও আগুয়েরো। ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করেছে শনিবার। তাতে বার্নলিকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটিও। তবে একই রাতে হাডার্সফিল্ড টাউনের মাঠ থেকে ২-১ গোলে হেরে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইতিহাদ স্টেডিয়ামে ৩০ মিনিটে স্পটকিকে গোল করেন আগুয়েরো। তাতেই দলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করেন। অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ২০১১ সালে সিটিজেনদের ডেরায় এসেছেন। ১৭৭ গোল হয়ে গেল এই সময়ে। সমান গোল নিয়ে ম্যানসিটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি করে বসেছিলেন এরিক ব্রুক।
মধ্যবিরতির পর ৭৩ মিনিটে লেরয় সানের ক্রসে মাথা ছুঁয়ে ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস ওটামেন্ডি। ৭৫ মিনিটে কেভিন ডি ব্রুইনের পাসে শেষ গোলটি করেন মিডফিল্ডার লেরয় সানে। তাতেই জয় নিশ্চিত হয় সিটির।
অন্য ম্যাচে ১৯৫২ সালের পর প্রথমবার লিগে হাডার্সফিল্ডের কাছে হেরে বসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে নবাগত দলটির কাছে মৌসুমের প্রথম হার দেখতে হল হোসে মরিনহোকে।
প্রথমার্ধের ২৮ ও ৩৩ মিনিটে গোল খেয়ে বসে ম্যানইউ। ৭৮ মিনিটে রোমেলু লুকাকুর ক্রসে ব্যবধান কমান মার্কাস র্যাশফোর্ড। তবে পয়েন্ট বাঁচানো গোলটি আর আনা যায়নি।
এই হারে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল ম্যানইউ। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে টটেনহ্যাম হটস্পার ১৭ পয়েন্ট নিয়ে তিনে।







