করিম বেনজামার হ্যাটট্রিক আর ক্রিস্টিয়ানো রোনালদোর চার গোলে সুইডিশ ক্লাব মালামোর বিপক্ষে ৮-০ গোলের বিশাল জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
দিনের অন্য ম্যাচে ভলফসবুর্গ কাছে ৩-২ গোলে হেরে ইউরোপ সেরার দৌঁড় থেকে বাদ পড়েছে ইংলিশ জায়ন্ট ম্যানচেস্টার ইউনাইটেড।
নিজেদের উঠান সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের দ্বাদশ মিনিটে গোলের সূচনা করেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা। ২৪ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটিও আসে তার পা থেকে।
আগে থেকেই শেষ ষোল নিশ্চিত থাকায় দলের অন্যতম সেরা উইঙ্গার গ্যারেথ বেলকে ছাড়াই এদিন মাঠে নামে রিয়াল।
এরপরই শুরু হয় রোনালদো শো! ৩৯, ৪৭ ৫০ ও ৫৮ মিনিটে চার বার মালামোর জালে বল জড়িয়ে তুলে নেন হ্যাটট্রিকসহ চার গোল। ৭৮ মিনিটে নিজেও হ্যাটট্রিক পূরণ করেন বেনজামা। ম্যাচের অপর গোলটি আসে মাতিও কোভাসিচের পা থেকে।
অন্যদিকে, কারও ম্যাচের ওপর নির্ভর না করে ভলফসবুর্গের বিপক্ষে জিতলেই চলতো রেড ডেভিলদের। কিন্তু এক বছর বাদে চ্যাম্পিয়ন্স লিগে ফিরে হতাশা সঙ্গী করে ফিরতে হলো ফন গালের ছাত্রদের। রেড ডেভিলদের পক্ষে গোল দুটি করেন হুয়ান মাতা এবং এন্থনি মার্শাল।






