টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার হাতছানি। লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষ শিবির থেকে ভাল সংবাদই পেল রিয়াল মাদ্রিদ! ডান হাঁটুর চোটে পড়েছেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার আর্তুরো ভিদাল। খেলতে পারবেন না সেমিফাইনালের দুই লেগেই।
রোববার অনুশীলনের সময় চোটে পড়েন ভিদাল। চোটের অবস্থা এতটাই গুরুতর ছিল যে, সতীর্থ ফ্রাঙ্ক রিবেরি ও গোলরক্ষক কোচ টনি টপালেভের কাঁধে ভর করে মাঠ ছাড়তে হয় চিলিয়ান মিডফিল্ডারকে।
বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত হয়ে গেছে আগেই। লিগে মনশেনগ্লাডবাখের বিপক্ষে ম্যাচে বিশ্রামেই ছিলেন ভিদাল। যে ধরনের চোট পেয়েছেন, তাতে মৌসুমের বাকি পথটুকুই দলের নির্ভরযোগ্য সদস্যকে ছাড়া চলতে হতে পারে বায়ার্নকে।
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ২৫ এপ্রিল নিজেদের মাঠে রিয়ালের মুখোমুখি হবে বায়ার্ন।








