চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা দুইবার শিরোপা জেতার দ্বারপ্রান্তে রিয়াল মাদ্রিদ। দলটি চ্যাম্পিয়ন হয়ে গেলে ইউরোপীয় ফুটবল ঘিরে বেশ কিছু ঘটনা ঘটবে, কিছু ঘটার পথে থাকবে। সেই সব বিষয় নিয়ে চ্যানেল আই অনলাইনের এই আয়োজন।
কে সেরা? মেসি না রোনালদো তা নিয়ে বিতর্ক বাড়বে:
ক্যারিয়ার জুড়েই লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনালদো একে অপরের ‘নেমেসিস’। এই দুই জনের মধ্যে কে সেরা তা নিয়ে বিতর্কের অন্ত নেই। সেই দ্বন্দ্বে ঘি ঢালবে রিয়ালের টানা দুই শিরোপা জয়। মেসি ভক্তরা আওয়াজ তুলবেন, ২০১৬-১৭ মৌসুমে সর্বোচ্চ গোলদাতা ক্ষুদে জাদুকর। তাই তিনিই সেরা। আর রোনালদো ভক্তদের দাবি থাকবে মেসির চেয়ে শিরোপা সংখ্যায় এগিয়ে পর্তুগীজ অধিনায়ক। সুতরাং এই মৌসুমে সেরা তিনিই।
পঞ্চম ব্যালন ডি অরের দৌড়ে আরেক ধাপ এগিয়ে যাবেন সিআরসেভেন:
যদিও রিয়ালের সাফল্যের পেছনে দলের সবারই অবদান কম-বেশি; তবে নামটা বেশি হবে রোনালদোরই। এগিয়ে থাকবেন পঞ্চম ব্যালন ডি অর জেতার দৌড়েও। মৌসুমের প্রথম দিকে গোল খরায় ভুগলেও শেষ দিকে এসে দুর্দান্তভাবে জ্বলে উঠেছেন। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার এবং সেমিফাইনাল মিলিয়ে করেছেন দশ গোল। আছে দুটি হ্যাটট্রিকও। তাই তার হাতে ব্যালন ডি অর উঠলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
রিয়ালের ঘরে আরও শিরোপা যাওয়ার রাস্তা প্রশস্ত হবে:
ইউরোপা কাপ গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরে। জিদান-বাহিনী ইউরোপ সেরা হলে উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে এই দুই দল। ক্লাব বিশ্বকাপও খেলবে রিয়াল। এই দুই প্রতিযোগিতা খেলা মানে মাদ্রিদের ঘরে আরও শিরোপা যাওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়া।
ফ্লোরেন্টিনো পেরেজের পুন-নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়বে:
সান্তিয়াগো বার্নাব্যুতে আরেকটি গ্যালাক্টিকোস গড়ে তোলার সফল কারিগর তিনি। চার বছরে তিনটি চ্যাম্পিয়ন্স ট্রফি। ফ্লোরেন্টিনো পেরেজের আরেক ধাপে রিয়াল সভাপতি হওয়ার দৌড়ে এর চেয়ে ভালো নির্বাচনী ইশতেহার আর কী হতে পারে?







