বৃহস্পতিবার রাতে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে হারিয়ে কোপা ডেল রের ফাইনালে পৌঁছে গেছে বার্সেলোনা। ২-০ গোলের জয়ে দুই লেগ মিলিয়ে ৩-০ ব্যবধানের অগ্রগামিতায় শিরোপার মঞ্চে হাজির কাতালানরা। এনিয়ে টানা পঞ্চমবারের মত কোপার ফাইনালে পা রাখল সর্বোচ্চ ২৯ বারের শিরোপাজয়ী দলটি।
তাতে ২১ এপ্রিলের ফাইনালে সেভিয়াকে হারাতে পারলে গড়া হয়ে যাবে ইতিহাসও। টানা চতুর্থবারের মত কোপা ডেল রের শিরোপা জয়ের রেকর্ড গড়া হবে। আগে কেবল রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিক বিলবাওয়েরই আছে টানা চারবার কাপ শিরোপা জয়ের রেকর্ড।
রিয়ালের রেকর্ডটি শতাব্দী পুরনো। ১৯০৫-১৯০৮ পর্যন্ত কোপায় অপ্রতিরোধ্য ছিল লস ব্লাঙ্কোসরা। আর বিলবাও ১৯৩০ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত কাউকে ছুঁতে দেয়নি কোপার ট্রফি।
সুযোগ পেয়েছিল বার্সাও। ১৯৫১, ৫২ ও ৫৩ সালে কাপ জয়ের পর ৫৪ সালেরও ফাইনালে পৌঁছেছিল কাতালানরা। কিন্তু ভ্যালেন্সিয়ার কাছে ৩-০ গোলে হারের পর কোপার অভিজাত রেকর্ডে ঢোকা হয়নি দলটির।
আর্নেস্টো ভালভার্দের দলের সামনে সুযোগ থাকছে সেই ইতিহাস গড়ার। সুযোগ থাকছে মেসি, ইনিয়েস্তা, বুস্কেটসদেরও। সেভিয়াকে হারাতে পারলেই পঞ্চমবারের মত কাপ শিরোপা উঁচিয়ে ধরতে পারবেন এ ফুটবলাররা।
বিলবাওয়ের হয়ে সর্বোচ্চ সাতবার কোপা জিতেছিলেন পিরু গাইঞ্জা। তার পরেই অবস্থান বার্সার সাবেক খেলোয়াড় জোয়ান সেগেরা। কাতালানদের জার্সি গায়ে ছয়বার কোপা জেতেন তিনি। মেসি-ইনিয়াস্তাদের সামনে সুযোগ থাকছে সেগেরার রেকর্ডের পেছনে লাইন দেয়ার।








