ম্যানচেস্টার সিটির বিপক্ষে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখা রিয়াল মাদ্রিদকে মাটিতে টেনে নামালো অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগার শিরোপা নিশ্চিত করা দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের আগামী আসরে খেলার রাস্তা মসৃণ করেছে ডিয়েগো সিমিওনের দল।
টেবিলের চার নম্বর স্থানে থাকা অ্যাটলেটিকোর ৩৫ ম্যাচে এখন পয়েন্ট ৬৪। পাঁচ নম্বরে থাকা রিয়াল বেটসের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৬। শিরোপা নিশ্চিত করা রিয়ালের পয়েন্ট ৮১। দুই নম্বরে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৯। তৃতীয় অবস্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৬৫। লা লিগার টেবিলের সেরা চার দল চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে সরাসরি খেলবে।
রোববার রাতে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে হওয়া ডার্বি ম্যাচে করিম বেনজেমা, থিবো কর্তোয়া এবং ভিনিসিয়াস জুনিয়রদের মতো তারকাদের খেলাননি কোচ কার্লো আনচেলত্তি।
৫৯ ভাগ সময় বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল লস ব্লাঙ্কোস। ১৫টি শটের ভেতর ৬টি লক্ষ্যে রাখতে পেরেছিল। পক্ষান্তরে, স্বাগতিকরা ১৬টি শট নিলেও লক্ষ্য বরাবর নিতে পারে কেবল দুটি শট। তাও জয়ী দল হিসেবে তারাই মাঠ ছাড়ে।
প্রথমার্ধে ডি বক্সের ভেতর ব্রাজিলিয়ান জাতীয় দলের ফরোয়ার্ড ম্যাথিউস কুনহাকে ডি বক্সের ভেতর ফাউল করেন জেসুস ভ্যালেজো। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে অ্যাটলেটিকোকে এগিয়ে দেন বেলজিয়ান উইঙ্গার ইয়ানিক কারাসকো।
বিরতির পর লিড বাড়ানোর অনেকগুলো সুযোগ পেয়েছিল লা লিগার শিরোপা জয়ীদের গার্ড অব অনার না দেয়া অ্যাটলেটিকো। ৭৭ মিনিটে কুনহার পাসে বল পাওয়া কারাসকোর শট পোস্টের লেগে ফিরে এলে ব্যবধান দ্বিগুণ হয়নি।







