রিজার্ভ থেকে চুরি হওয়া আরো ১২ লাখ ডলার ফেরত আনার সব প্রক্রিয়া শেষ হয়েছে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, তা শিগগিরই ফিরিয়ে আনা হবে।
সোমবার বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতি ঘোষণাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, চুরি হওয়া রিজার্ভের ১.২ মিলিয়ন বা ১২ লাখ ফেরত আনার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। দ্রুত তা ফেরত আনা হবে।
‘এছাড়াও আরো ৬ মিলিয়ন বা ৬০ লাখ ডলার ফেরত আনার বিষয়ে আলোচনা চলছে। সেজন্য সোমবার রাত বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল ফিলিপাইনে যাবে।’
সাবেক গভর্নর ফরাস উদ্দিনের নেতৃত্বে রিজার্ভ চুরির বিষয়ে যে তদন্ত কমিটি করা হয়েছে তার প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে গভর্নর বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো প্রতিবেদন জমা দেয়া হয়নি। তাই বিষয়টি নিয়ে কিছু বলতে পারবো না।








