বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে আন্তর্জাতিক আইনের আওতায় আনতে সব রকমের চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রেসিডেন্ট উইলিয়াম ডাডলি।
‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পর নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংক সাইবার লড়াইয়ে’ শিরোনামে একটি খবর প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স।
৮ কোটি ১০ লাখ ডলার চুরির বিষয়ে প্রশ্ন করা হলে নিউ ইয়র্ক ফেড প্রেসিডেন্ট ডাডলি বলেন, ‘আক্রান্ত হওয়ার আশঙ্কা ও নিরাপত্তা পরিস্থিতি উন্নত করা একটি চলমান প্রক্রিয়া। সে লক্ষ্যে লড়াই করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।’

তিনি আরও বলেন, এটি এমন একটি বিষয় যার জন্য আমরা ভালো করে নজরদারি করছি।
গত ফেব্রুয়ারি মাসে ডলার চুরির পর নিউইয়র্ক ফেড দাবি করেছিল তাদের সিস্টেমে কোন দুর্বলতার কারণে এই চুরি হয়নি।
তারা আরো দাবি করেছিল, অর্থ স্থানান্তরের নির্দেশগুলো উপযুক্ত প্রটোকলের মাধ্যমে যাচাই করা হয়েছিল।








