রাশিয়া বিশ্বকাপে ডোপিং কেলেঙ্কারির কোনো ঘটনা ঘটেনি বলে ঘোষণা দিয়েছে ফিফা। তিন হাজার পরীক্ষা থেকে একটিতেও ‘পজেটিভ’ ফলাফল আসেনি বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ফিফা ২৭৮১টি নমুনা সংগ্রহ করে। টুর্নামেন্টের সময় নেওয়া হয় আরো ৬২৬টি।
এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, ‘স্বাধীন বিশেষজ্ঞদের মাধ্যমে সকল খেলোয়াড়ের ডোপিং টেস্ট করা হয়েছে। কোথায়ও কোনো প্রমাণ মেলেনি।’
এবারের টুর্নামেন্ট শুরু হওয়ার আগে খেলোয়াড়দের যেমন পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়েছে, তেমনি ম্যাচ কিংবা ম্যাচের আগের দিনও তাদের পরীক্ষা করা হয়েছে।
এই টেস্টগুলোর ৯০ শতাংশ করা হয় নির্ধারিত খেলোয়াড়কে। বিভিন্ন বিষয় দেখা হয়। তার ইনজুরির ইতিহাস। তিনি কী ওষুধ সেবন করছেন, সেসব খেয়াল করে ডোপিং টেস্ট করা হয়।
জানুয়ারি থেকে প্রতি চারদলের খেলোয়াড়দের গড়ে ৪.৪১ বার টেস্ট করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে করা হয়েছে আটবার করে।
ফিফা জানিয়েছে, সব নমুনা পরবর্তী দশ বছরের জন্য সংগ্রহ করা হবে।







