আন্তর্জাতিক

রাশিয়াকে গোপন তথ্য জানিয়েছে ট্রাম্প

রাশিয়াকে গোপন তথ্য জানিয়েছে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন তথ্য রাশিয়াকে জানিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত সপ্তাহে ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বৈঠকের সময় এই তথ্য প্রদান করা হয়।

ওয়াশিংটন পোস্টের বরাতে এমনটি জানিয়েছে বিবিসি। তবে এমন অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা।

ওয়াশিংটন পোস্ট বলেছে, তথ্যগুলো যুক্তরাষ্ট্রের একটি সহযোগী রাষ্ট্রের দেওয়া। এসব তথ্য রাশিয়াকে জানানোর কোনো অনুমোদন ছিল না।

যদিও একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন প্রতিবেদনটি সত্য নয়। সেদিনের বৈঠকে উপস্থিত যুক্তরাষ্ট্রের ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ফর স্ট্র্যাটেজি দিনা ফাল বলেন, ‘প্রতিবেদনটি মিথ্যা।’ তিনি বলেন, ‘উভয় দেশ যেসব বিষয়ে হুমকির সম্মুখীন হয়েছে তা নিয়ে প্রেসিডেন্ট আলোচনা করেছেন।’

প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল এইচ আর ম্যাকমাস্টারও প্রতিবেদনটিকে মিথ্যা বলে দাবি করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ আলোচিত বিষয়। এই নির্বাচনে রুশ হস্তক্ষেপ ছিল এবং ট্রাম্পের প্রচারণা দল মস্কোর সঙ্গে যোগাযোগ রেখেছিল বলে অভিযোগ রয়েছে। বিষয়গুলো নিয়ে কয়েকটি তদন্তও চলমান রয়েছে। যদিও ট্রাম্প রুশ হস্তক্ষেপের অভিযোগকে ‘মিথ্যা’ বলেছেন।

বিষয়:ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র-রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…