কক্সবাজারের রামুর ঈদঁগড়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ডাঃ মহিউদ্দিন
(৫০) নামে এক হোমিও চিকিৎসককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায়
এক নারীকে আটক করেছে পুলিশ।
নিহত ব্যক্তির ওপর বুধবার দিবাগত রাত ২টার দিকে হামলা চালানো হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্রধর ও এলাকাবাসী জানায়, রামুর ঈদঁগড়ের শরিফ পাড়ার বাসিন্দা ফয়েজ আহমদ মিয়াজীর ছেলে হোমিও চিকিৎসক ডাঃ মহিউদ্দিনের সঙ্গে দক্ষিণ শরিফ পাড়ায় ৬ মাস আগে খুন হওয়া শিক্ষক নুরুচ্ছফা এবং তার ভাইদের সঙ্গে ৯ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
কয়েকদিন আগে ওই জমিতে ডাঃ মহিউদ্দিন একটি ঘর নির্মাণের কাজ শুরু করেন। রাতে ওই ঘরে মহিউদ্দিন একা অবস্থান করছেন এমন খবর পেয়ে প্রতিপক্ষ তার উপর গুলি চালায়।
এসময় মহিউদ্দিনের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে বৃহস্পতিবার সকাল ৮ টায় তিনি মারা যান।
এ ঘটনায় পুলিশ প্রবাসী আসাদুজ্জানের স্ত্রী দিলোয়ারা বেগমকে (৪০ ) আটক করেছে।







