বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীর উপর মোহাম্মদপুর থানার এএসআই মাসুদ শিকদারের নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা বলেছেন, শুধু প্রত্যাহার নয়, মাসুদ শিকদারকে স্থায়ীভাবে চাকরিচ্যূত না করলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরবে না।
মঙ্গলবারের এ মানববন্ধনে সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীতে জবাবদিহিতা নিশ্চিতেরও দাবি জানানো হয়।
এর আগে, বাসা ভাড়া দিতে শনিবার রাত ১১টার দিকে এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফেরার সময় বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক ছাত্র গোলাম রাব্বানী ওরফে রাব্বীকে তল্লাশির নামে মোহাম্মদপুর থানার এএসআই মাসুদ শিকদার নির্যাতন করে।
পরে গোলাম রাব্বানী ওই থানায় অভিযোগ করে সংবাদিকদের বলেছিলেন, ‘ওই রাতে মোহাম্মদপুরের তাজমহল রোডে তার গতিরোধ করে পুলিশ। আমার কাছে মাদকদ্রব্য আছে দাবি করে তল্লাশির নামে গাড়িতে উঠায়। তারপরই শুরু করে নির্যাতন।’
তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিলো মাসুদ শিকদার। চাঁদা না দিলে ক্রস ফায়ারের হুমকি দেয় ওই পুলিশ।






