ডাব পারা নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতাকে মারধরের অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের সামনে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার গোফরান গাজী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজম্যান্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
এ বিষয়ে ভুক্তভোগী গোফরান গাজী বলেন, ‘স্থানীয় কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বাইরের কয়েকজনকে ডাব পারতে দেখে নিষেধ করি। একপর্যায়ে তারা আমার ওপর চড়াও হয়ে মারধর শুরু করে। তবে কারা মারধর করেছে তাদের চিহ্নিত করতে পারেনি। যারা এই মারধরের সঙ্গে জড়িত তাদের নামে থানায় মামলা করে হবে বলে জানান তিনি।’
রাবি শহীদ সোহারওয়ার্দী হলের সামনে গোফরানকে মারধর করা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এসময় স্থানীয় লোকজন স্টেশন বাজারের দিকে চলে যায়।
পরে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের চারুকলার দিকে ভিড় জমায়। এ অবস্থায় ক্যাম্পাস স্থিতিশীল রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করেছেন।
মারধরের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীকে মারধর করার ঘটনা শুনে ক্যাম্পাসে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। আর যারা মারধর করেছে তারাও স্থানীয় তবে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী। তবে সমস্যা মীমাংসা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘আমরা বিষয়টি জানার পর তৎক্ষণাৎ ঘটনাস্থলে যায়। কিন্তু এর আগেই ওরা পালিয়ে গেছে। আমরা ওদের সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি। ওদের সঙ্গে বসে আমরা বিষয়টি মীমাংসা করবো।’







