রান আটকানো যাচ্ছে না

টস জিতে ফিল্ডিং নিয়ে বাংলাদেশ খুব একটা সুবিধা করতে পারছে না। মাশরাফির প্রথম ওভারে নাসিরের হাতে ক্যাচ তুলে দেয়া টম লাথ্যাম অর্ধশতক তুলে নিয়ে চড়াও হচ্ছেন।
ইনিংসের চতুর্থ বলে লেগস্টাম্পের বলে সামনের পায়ে ফ্লিক করেন ল্যাথাম। বল চলে যায় শর্টস্কয়ার লেগে। ওখানে ছিলেন নাসির। হাত ফসকে বল পড়ে মাটিতে!
চতুর্থ ওভারে দলকে সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। গুড লেন্থের বল উড়িয়ে মারতে যেয়ে বল আকাশে তুলে দেন রঞ্চি। এক্সট্রা কাভারে বলের ওপর চোখ রেখে তালুবন্দি করেন সাকিব।
ডাবলিনের ক্লনটার্ফে গত ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন নিয়ে নেমেছে টাইগাররা। অলরাউন্ডার নাসির একাদশে ঢোকায় বাদ পড়েছেন স্পিনার সাঞ্জামুল ইসলাম।
নাসির সবশেষ ওয়ানডে খেলেন গত বছর অক্টোবরে। ইংল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে ১০ বল খেলে ৪ রান করেছিলেন।
ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করে তিনি জাতীয় দলে ফিরেছেন। এপ্রিলে মোহামেডানের বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন। তার আগে মার্চে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ইমার্জিং কাপে নেপালের বিপক্ষে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।



